নিজস্ব প্রতিবেদক:- স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার বিভাগের প্রতিষ্ঠান (বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ) নিজেদের ইচ্ছামতো বেতন কাঠামো নির্ধারণ করতে পারবে না।
সোমবার (১২ ডিসেম্বর) সরকারি চাকরি সংশোধন আইন-২০২২ এ এমন পরিবর্তন এনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে হওয়া বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব জানান।তিনি বলেন, নতুন আইন অনুযায়ী প্রতিটা প্রতিষ্ঠানের ব্যয়ের খাতের হিসেব করতে এখন থেকে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।
সরকারি চাকরি (সংশোধন) আইন-২০২২ আবার পার্লামেন্টে পাঠানো হবে। এর আগে কেবল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হাতে ছিল। কিন্তু এবার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টিও একই বিভাগের অধীন নিয়ে আসা হবে।
তবে সরকারি চাকরিজীবীদের গ্রেপ্তারে পূর্বানুমতি নিয়ে এবারের বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও তিনি জানান।সচিব বলেন, আজকের সভায় নিয়মিত আলোচনার বাইরেও এদিন পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে যে সমস্ত কাজ চলমান রয়েছে; গ্যাসের সংকট দূর করতে চলমান সেসব পাইপলাইনের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রায় ৪০ বছরের কর্মজীবনের সমাপ্তি টেনে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আজ শেষ ব্রিফিং করলেন তিনি। এসময় তিনি বলেন, চাকরি জীবনে সবসময়েই মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন।







