২০২২ একটি কঠিন বছর ছিল: রাষ্ট্রপতি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক ঢাকা:- ২০২২ সাল চ্যালেঞ্জিং একটি বছর ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। একাদশ জাতীয় সংসদের ২১তম এবং চলতি বছরের প্রথম অধিবেশনে বক্তব্য দেয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হয়। বিএনপির সংসদ সদস্যদের ছাড়াই শুরু হয় এ অধিবেশন।রেওয়াজ অনুযায়ী শুরুর দিন অধিবেশনের শুরুতে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রতি বছরই বছরের সংসদের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেন।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ আমরা অতিবাহিত করছি। ২০২২ সাল আমাদের জন্য ছিল চ্যালেঞ্জের একটি বছর। সমগ্র বিশ্বই পার করছে এক কঠিন সময়। করোনা অতিমারি আমরা সফলভাবে মোকাবেলা করে অর্থনীতির গতিশীলতা বজায় রাখতে সক্ষম হলেও রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ আমাদের এই অগ্রযাত্রাকে শ্লথ করেছে। তারপরও ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বাজেট ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে তিনি বলেন, জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া আমাদের পবিত্র কর্তব্য। দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ-প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।