মাদারীপুর প্রতিনিধি:- পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় মাদারীপুরের শিবচরে সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে তিন বন্ধু। গ্রেফতার দুইজনের প্রাথমিক স্বীকারোক্তিতে বেরিয়ে আসে ঘটনার রহস্য।
রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। এদিকে পলাতক অপরবন্ধু বাবুল শিকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার আরও জানান, গত ৩ মার্চ মাদারীপুরের শিবচরের উত্তর ইউনিয়নের ভেন্নাতলা এলাকার নিজ ঘর থেকে সৌদি প্রবাসী শাহ আলম ফকিরের স্ত্রী আকলিমা বেগমের (৩০) মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন নিহতের ভাই সুজন শিকদার বাদী হয়ে শিবচর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।শুরু হয় পুলিশের অনুসন্ধান। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার ১৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার হয় আতিয়ার কাজী (৫০) ও শহীদ মোল্লা (৪২)। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ায় ধর্ষণ শেষে তিন বন্ধু মিলে শ্বাসরোধে হত্যা করে সৌদি প্রবাসীর স্ত্রীকে। পরে গা-ঢাকা দেন অভিযুক্ত তিনজনই।
মাসুদ আলম সংবাদ সম্মেলনে জানান, সাত বছর আগে আতিকের সঙ্গে পরিচয় হয় আকলিমার। পরে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এরপর আতিকের অন্য বন্ধুদের সঙ্গে আকলিমার পরিচয়ের পরে শারীরিক সম্পর্ক হলে এলাকায় জানাজানি হয়। পরে সৌদি প্রবাসীর স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করেন তিন বন্ধু।এদিকে গ্রেফতারকৃত দুইজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এদিকে অভিযুক্ত তিনজনই ভ্যানচালক ও ভেন্নাতলা এলাকার বাসিন্দা। আর এখনো পলাতক অপরবন্ধু বাবুল শিকদার (৪৫)।







