বরিশাল প্রতিনিধি:- সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের একটি মাছের ঘের থেকে এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পল্লি চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি বের হয়েছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে ইউপির ৫নং ওয়ার্ডের উত্তর কড়াপুর এলাকার মো. আজাদের ঘের থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত ওই নারী ইউপির ৫নং ওয়ার্ডের উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা বাবুল বেপারীর স্ত্রী রুবী বেগম (৫০)।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, সোমবার রাতে পল্লি চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বাসা থেকে বের হন ওই নারী। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছু দূরে একটি ঘেরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ রহস্যজনক। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সরাসরি হত্যাও বলতে পারছি না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
ওই নারীর স্বামী বাবুল চৌকিদার বলেন, এক ছেলে ও এক মেয়ের জননী রুবী। সোমবার ইফতার শেষে ইউপির বৌশের হাট বাজারের পল্লি চিকিৎসকের কাছে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন। সকালে এক লোক খবর দেয় আজাদের ঘেরে স্ত্রীর লাশ ভেসে রয়েছে। বাবুল বলেন, তার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। কী হয়েছে তিনি জানেন না। তার কোনো অভিযোগও নেই।
ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য মো. মিন্টু বলেন, রাতে বের হওয়ার পর ওই নারী ঘরে ফেরেননি। সকালে এক ব্যক্তি গরু আনতে গিয়ে রুবী বেগমের লাশ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরিবারের ধারণা করেছিল, কাছাকাছি থাকা পিত্রালয়ে গেছেন। সেখান থেকে বাড়ি ফেরেননি।







