প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন স্কুলছাত্র মুজাহিদ হাওলাদারের (১৬) মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মুজাহিদ হাওলাদার মারা যায়।
মেধাবী স্কুলছাত্র মুজাহিদ উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামের সেকেন্দার হাওলাদার ছিকুর ছেলে ও মেধাসিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুলে দশম শ্রেণির মেধাবী ছাত্র।

জানা গেছে, প্রভাব বিস্তার কেন্দ্র করে কুরপালা গ্রামের হাওলাদার বংশের সঙ্গে শেখ বংশের বিরোধ চলছিল। গত ৮ এপ্রিল একটি গাছ কাটা কেন্দ্র করে ওয়ালিদ হাওলাদারের সঙ্গে তরিকুল শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তরিকুলের লোকজন স্কুলছাত্র মুজাহিদকে চুরিকাঘাত করে। এতে মুজাহিদ গুরুতর আহত হয়।

আহত মুজাহিদকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) নিয়ে যাওয়া হয়। পরে মুজাহিদ হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে আসা হয়। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মুজাহিদ হাওলাদার অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মুজাহিদ হাওলাদারের পিতা সেকেন্দার হাওলাদার ছিকু বলেন, এই ঈদের পরে আমার ছেলের এসএসসি পরীক্ষা। তাই ঢামেকের চিকিৎসকদের পরামর্শে মুজাহিদকে বাড়ি নিয়ে চলে আসি। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করে মুজাহিদ অসুস্থ হলে পড়ে। তাকে আমরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখানে নেওয়ার পরে চিকিৎসকরা বলেন, আমার ছেলে আর বেঁচে নেই। আমার বাবাকে হত্যা করা হয়েছে।এদিকে মুজাহিদ হাওলাদার মারা যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের লোকজন বাড়িঘরে তালা মেরে পালিয়ে যায়। এ জন্য তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বলেন, একটি গাছ কাটা কেন্দ্র করে সংঘর্ষে মেধাবী ছাত্র মুজাহিদ হাওলাদারকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, গাছকাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষই থানায় মামলা দিয়েছে । তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মুজাহিদ হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসাপাতালে পাঠানো হয়েছে।