চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, রাস্তার পাশে পড়ে ছিল লাশ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের করিমগঞ্জে শরীফ মিয়া নামে এক চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ সেতুর নিচ থেকে ওই চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত চালক শরীফ (২৩) উপজেলার গুনধর ইউনিয়নে ইন্দাচুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।

নিহত শরীফের ভাই কালাচাঁন জানান, রোববার দুপুরে কিশোরগঞ্জ সদরের লতিফপুর থেকে অটোরিকশাটি কিনেছিল শরীফ। বিকালের দিকে ওই রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি তিনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।  

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে সেতুর নিচে নির্জন স্থানে শরীফের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে শরীরের মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজনও ঘটনাস্থলে হাজির হয়ে লাশ শনাক্ত করে। 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের মাথায়ও থেঁতলানো জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাই করতে গিয়ে চালককে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া জড়িতদের আটক করতে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।