জামায়াতের ব্যাপারে আ.লীগের নীতির পরিবর্তন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার ঢাকা:- জামায়াতের ব্যাপারে আওয়ামী লীগের নীতির পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, অনিবন্ধিত রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ ইনডোরে করতে পারে। জামায়াতে ইসলামী ইনডোরে সমাবেশ করতে চেয়েছিল। ডিএমপি কমিশনার যাচাই করে অনুমোদন দিয়েছে।

রোববার (১১ জুন) দুপুরে রাজারবাগে হাইওয়ে পুলিশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াতকে অনুমতি দেওয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক নীতির কোনো পরিবর্তন হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নীতির কোনো পরিবর্তন হয়নি। জামায়াত একটি অনিবন্ধিত রাজনৈতিক দল। অনিবন্ধিত রাজনৈতিক দল ইনডোরে তাদের সভা সমাবেশ করতেই পারে। দেশের অনেক অনিবন্ধিত দলই বিভিন্ন প্রোগামের আয়োজন করে।

মন্ত্রী বলেন, বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা সমাবেশ করে থাকে। এসব সমাবেশে অনেক সময় আমরা দেখেছি তারা ভাঙচুর করেছে। এসব কিছু মাথায় রেখেই তাদেরকে ইনডোরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে পুলিশ দেখতে চেয়েছিলেন আজকে পুলিশ ধীরে ধীরে সে রকমই হচ্ছে। আজকে পুলিশ জনতার পুলিশ হয়েছে। মহাসড়কে সব ধরনের অপরাধ বন্ধে হাইওয়ে পুলিশ কাজ করছে।বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পুলিশের অতিরিক্ত আইজিপি ও হাইওয়ে পুলিশের প্রধান মো. শাহাবুদ্দিন।