ডেঙ্গুতে প্রাণ হারালেন অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন:- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন সিনিয়র সহকারী সচিব এস এম নাজিয়া সুলতানা। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে (ডব্লিউটিও উইং) কর্মরত ছিলেন।

৩০তম বিসিএসের এই কর্মকর্তা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

মঙ্গলবার এক শোকবার্তায় বাণিজ্যমন্ত্রী ও সিনিয়র সচিব মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বাণিজ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলা নির্বাহী অফিসার থাকাকালে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন। নাজিয়া সুলতানার অকাল মৃত্যুতে আমরা একজন সৎ ও যোগ্য কর্মকর্তাকে হারালাম।

সিনিয়র সচিব তার শোকবার্তায় বলেন, নাজিয়া সুলতানা ছিলেন একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মকর্তা। বাংলাদেশ সিভিল সার্ভিসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।এই কর্মকর্তা ডেঙ্গু আক্রান্ত হয়ে গত দুই দিন বারডেম হাসপাতালে ভর্তি ছিলেন। আজ মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন।