কুষ্টিয়া জেলা প্রতিনিধি:- কুষ্টিয়ার ভেড়ামারায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সঞ্জয় কুমার প্রামাণিক। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেলাল হোসেন ও শ্যামল নামে আরও দুজন।
বুধবার রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ প্রধান আসামি মুস্তাফিজুর রহমান শোভনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন এবং শ্যামলকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে ও হাঁটুর নিচে গুলি লাগে। এ ছাড়া তার মাথায় ও শরীরে কুপিয়ে জখম করা হয়। আহতদের শরীরে জখমের চিহ্ন আছে। আহতাবস্থায় তাদের সেখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এখন তারা চিকিৎসাধীন।
আধিপত্য বিস্তার কেন্দ্র করে মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়। পরে পুলিশ মুস্তাফিজুর রহমান শোভনকে আটক করে।
ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার কেন্দ্র করেই মূলত এ ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। মুস্তাফিজুর রহমান শোভনকে আটক করা হয়েছে।







