আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত অব্যাহত আছে। ফ্রান্স২৪, এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গত শনিবার রাতভর উভয় দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। গতকাল রোববার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহারের বেশ কয়েকটি জেলায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে, পাকিস্তানের আরেকটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে আফগানিস্তান।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, চলমান ‘অপারেশন গজব লিল-হক’-এ এখন পর্যন্ত তারা ৩৫২ জন তালেবানকে হত্যা, ৫৩৫ জনকে আহত এবং ১৩০টি চেকপোস্ট ধ্বংস ও ২৬টি দখল করেছেন। ধ্বংস করা হয়েছে ১৭১টি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান।
এর মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে– আফগান তালেবানদের বিরুদ্ধে পাকিস্তান তাদের অভিযান বন্ধ করে দিয়েছে। বিষয়টি নাকচ করে পাকিস্তানের সংসদবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ড. তারিক ফজল বলেছেন, বাস্তবতা এর উল্টো। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কথা বিবেচনা করে পাকিস্তান বিমানবাহিনী ড্রোনের ভিডিও ফুটেজ গণমাধ্যমে শেয়ার করা সাময়িকভাবে বন্ধ করেছে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত পরিকল্পনা রক্ষা করা, অভিযান বন্ধ করা নয়। তালেবানের বিরুদ্ধে অভিযান নিরবচ্ছিন্নভাবে চলছে।
অন্যদিকে, আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ এক্স হ্যান্ডলে দাবি করেছেন, গতকাল কাবুলে বিস্ফোরণ ও গোলাগুলির পর তারা গুলি করে আরেকটি পাকিস্তানি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দুদিন আগেও একটি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিতের দাবি করে আফগান সেনারা। যদিও পাকিস্তান এখনও তা স্বীকার করেনি। জঙ্গি দমনের নামে গত বৃহস্পতিবার থেকে আফগানিস্তানের বিরুদ্ধে গজব লিল-হক নামে অভিযান শুরু করে পাকিস্তান। বিমান হামলা চালানো হয় আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে। আফগান তালেবানরাও পাকিস্তানের সামরিক ঘাঁটিসহ একাধিক স্থানে হামলা চালানোর দাবি করেছে।
