যশোর হার্ট ফাউন্ডেশনের জন্য এক একর জমি বরাদ্দ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’-এর জন্য জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সরকারের পক্ষে ফাউন্ডেশনের নামে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে সংশ্লিষ্ট কাগজপত্র হস্তান্তর করেন।
জানা গেছে, শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক খাস জমি ফাউন্ডেশনটির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছরের এপ্রিল মাসে জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়েছিল।
যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ বলেন, যশোরে এখনো পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে যেতে হয়। এই প্রেক্ষাপটে বৃহত্তর যশোর অঞ্চলের জন্য একটি আধুনিক হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা প্রয়োজন ছিল।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান জানান, ভূমি মন্ত্রণালয়-এর নির্দেশনা অনুযায়ী জমি বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে জমির কাগজপত্র ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা বলেন, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটির প্রথম সভার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এর পর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন-এর অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়ন এবং সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। জমি বরাদ্দ পাওয়াকে তিনি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।























