যশোরে প্রতারণা ও অনিয়মের দায়ে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরে রোগীদের সঙ্গে প্রতারণা, দালালচক্রের দৌরাত্ম্য এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে ‘ডিএনএ’ ও ‘পেয়ারলেস’ নামে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস। এসময় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবির হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের ওই দুটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রোগীদের হয়রানি, ভুয়া রিপোর্ট প্রদান এবং দালালদের মাধ্যমে রোগী বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সত্যতা পাওয়ায় প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. আবির হোসেন জানান, ‘ডিএনএ’ ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্রের মাধ্যমে রোগীদের বিভিন্ন পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করছিল। এছাড়া বিভ্রান্তিকর ও ভুয়া রিপোর্ট দেওয়ারও প্রমাণ পাওয়া গেছে।
অন্যদিকে ‘পেয়ারলেস’ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে প্যাথলজিক্যাল কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।























