যশোরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রমিক দলের আলোচনা সভা ও খাবার বিতরণ
স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোর শিক্ষা বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার যশোর শিক্ষা বোর্ড প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষা বোর্ড শ্রমিক দলের সভাপতি রাসেল পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মাহবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বোর্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মমিনউদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আখতার হোসেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী, কর্মচারী ও অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ কর্মচারীরা অংশ নেন।#























