ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “বন্ধুত্বের বার্তা দিতে চাইলে অবিলম্বে ভারতকে পুশইন ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ভারত এখন পর্যন্ত সৎ প্রতিবেশীর পরিচয় দিতে পারেনি।”
রোববার (১৪ জুন) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, “বিএনপি সরকারের কথিত অন্তর্ভুক্তিমূলক বাজেটে দেশের প্রধান উৎপাদক শ্রেণি শ্রমিক ও কৃষকদের জন্য বিশেষ কোনো জায়গা হয়নি। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেলের কথা বলা হলেও শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কোনো ঘোষণা নেই। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করারও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।”
তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তাবিরোধী হিসেবে উল্লেখ করে বলেন, “এই চুক্তি বাংলাদেশের ওপর এক ধরনের আদেশনামা। এটি বহাল থাকলে বাংলাদেশ অন্যান্য দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্যিক সহযোগিতা ও সম্পর্ক গড়ে তুলতে পারবে না।”
তিনি সংসদের চলতি অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা করে ওই চুক্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
সাইফুল হক আরও বলেন, “বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের প্রশংসা করবে, আবার দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতাও করবে। নির্বাচনের পর প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক ধারায় দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ কোনোভাবেই নষ্ট করা যাবে না।”
তিনি সমতা, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে এগিয়ে আসার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী বলেন, “জনপ্রত্যাশা পূরণে বিএনপি সরকারকে প্রয়োজনীয় ঝুঁকি নিতে হবে। নির্বাচিত সরকারের আমলেও মানুষের জানমাল ও জীবন-জীবিকা এখনও নিরাপদ হয়নি। নারী ও শিশুরা এখনও নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের শিকার হচ্ছে। এই অবস্থা চলতে পারে না।”
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা আকবর খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক জামাল সিকদার, বাবর চৌধুরীসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দোয়েল চত্বর, হাইকোর্ট, তোপখানা রোড ও বিজয়নগর প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।



























