জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
স্বাধীন কন্ঠ ডেস্ক
বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আরও এগিয়ে নিতে চায় পাকিস্তান। তিনি জানান, সাম্প্রতিক সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক পর্যায়ে একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং দেশটির শিক্ষা ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছে। গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সাফল্যের বিষয়টিও বৈঠকে তুলে ধরা হয়।
ইমরান হায়দার বলেন, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করবে পাকিস্তান। এর মধ্যে ৭৪ জন শিক্ষার্থী ইতোমধ্যে পাকিস্তানে গেছেন। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেধা ও জ্ঞান বিনিময় আরও সম্প্রসারণে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্পকে আরও শক্তিশালী করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি সংসদীয় গ্রুপ গঠনের প্রস্তাব দেন এবং সংসদীয় পর্যায়ে সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানান।
আলোচনার একপর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।



























