যশোরে শিক্ষার্থীদের জন্য ছাত্র-ছাওনি নির্মাণ করল রোটারি ক্লাব
নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে যশোর শহরের বাবলাতলা হাউজিং গেট সংলগ্ন এলাকায় একটি দৃষ্টিনন্দন ছাত্র-ছাওনি নির্মাণ করেছে রোটারি ক্লাব অব যশোর রূপান্তর। বুধবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হোসেন টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের উপদেষ্টা ও যশোর ইনস্টিটিউট-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ. জেড. এম. সালেক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্রকল্প চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি, সেক্রেটারি নাজমুস সাকিব তপু, মেজর ডোনার শরিফুল আলম বুলু, প্রেসিডেন্ট ইলেক্ট বাপ্পিসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি ও সেক্রেটারিরা।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আরামদায়ক অপেক্ষার স্থান ছিল না। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে শিক্ষার্থীদের দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো। বিষয়টি বিবেচনায় নিয়ে রোটারি ক্লাব অব যশোর রূপান্তর ছাত্র-ছাওনি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
নির্মিত ছাউনিটিতে প্রশস্ত বসার ব্যবস্থা, আধুনিক নকশা এবং পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি শিক্ষার্থীদের পাশাপাশি পথচারীদের জন্যও স্বাচ্ছন্দ্যময় অপেক্ষার সুযোগ সৃষ্টি করবে বলে আয়োজকরা জানান।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সমাজসেবামূলক কার্যক্রমের একটি প্রশংসনীয় উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বাস্তবায়িত এ প্রকল্প এলাকার জনসাধারণের উপকারে আসবে।
রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও নাগরিক সুবিধা উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।























