শাম্মী হত্যাকাণ্ডের বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং মামলার দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাব ও জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ মানববন্ধনের আয়োজন করে শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।
মানববন্ধনে নিহত শাম্মীর ভাই সামিমুল ইসলাম সজীব, নাহিদ হাসান, আব্দুল আহাদ, বিদ্যালয়ের শিক্ষার্থী মিমি খাতুন, জিনিয়া খাতুন, আল মামুনসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী ও স্থানীয় মানুষ অংশ নেন।
এসময় বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর নির্মম হত্যাকাণ্ডে পরিবার, সহপাঠী ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা গাফিলতি যেন না হয়, সে বিষয়েও তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
নিহত শাম্মীর ভাই সামিমুল ইসলাম সজীব বলেন, আমার বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা কোনো প্রতিশোধ চাই না, শুধু ন্যায়বিচার চাই। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন শোক বয়ে বেড়াতে না হয়।
শিক্ষার্থী মিমি খাতুন বলেন, শাম্মী আমাদের স্কুলের বড় বোন ছিল। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার চাই। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থী জিনিয়া খাতুন বলেন, আজ শাম্মীর জন্য আমরা রাজপথে নেমেছি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একজন শিক্ষার্থীর জীবন এভাবে ঝরে যেতে পারে না।
আল মামুন বলেন, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শাম্মী হত্যার বিচার চাই’, ‘খুনিদের দ্রুত গ্রেপ্তার করো’, ‘বিচারহীনতার অবসান চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।























