এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও রাজশাহী বোর্ডের এক শিক্ষার্থীর আত্মহত্যার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) যশোর প্রেসক্লাবের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ সমাবেশে যশোর সরকারি সিটি কলেজ, সরকারি এমএম কলেজ, আলহেরা ডিগ্রি কলেজ, সরকারি শহীদ আবদুর রাজ্জাক কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ ও উপজেলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। সিটি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আবু আনাসের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাবিরুল ইসলাম সিয়াম, সজীব হোসেন, রামিয়া, আইরিন তালুকদার তামান্না, নাঈম হোসেন, লিজু, ওমর ফারুক, জুলকার ইমন আল শিহাব, মো. ফাহিম হোসেন ও ইমতিয়াজসহ অনেকে।
এ সময় শিক্ষার্থীদের হাতে “বন্যার পানিতে নয়, ন্যায্য পরিবেশে পরীক্ষা চাই”, “শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই”সহ বিভিন্ন স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ধোপরাকুল ডিগ্রি কলেজের শিক্ষার্থী দিশারানী মহন্ত বন্যার প্রতিকূল পরিবেশে পরীক্ষা দিতে গিয়ে তীব্র মানসিক চাপে আত্মহত্যা করেছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, দেশের বন্যাকবলিত অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য সমান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত না করে পরীক্ষা জোরপূর্বক চালিয়ে নেওয়া চরম অমানবিক।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে এইচএসসি পরীক্ষা স্থগিত করা এবং উদ্ভূত পরিস্থিতির দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের জোর দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
সমাবেশ চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করেন।























