স্বাধীন কন্ঠ ডেস্ক
অনৈতিক কর্মকাণ্ড ও ভিডিওকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবারের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) লিখিত চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে দলটি।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত স্পিকার ও সিইসিকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রকাশিত খবরের ভিত্তিতে দলীয়ভাবে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে।
গঠনতান্ত্রিক বিধির কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দলীয় সকল পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার সংসদীয় আসনের ব্যাপারে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানানো হয়েছে।
চিঠির তথ্য অনুযায়ী, গতকাল ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

Reporter Name 
























