জুলাইয়ের শক্তিতে বিভাজন এলে শেখ হাসিনা প্যারাসুট নিয়ে দেশে নামার চেষ্টা করবেন: রিজভী
স্বাধীন কন্ঠ ডেস্ক
জুলাই বিপ্লবের সংহতি ধরে রাখার তাগিদ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, “জুলাই বিপ্লবের একটি গভীর দার্শনিক ভিত্তি রয়েছে, যা আমাদের নাগরিক স্বাধীনতা, কথা বলার অধিকার ও নির্ভয়ে বেঁচে থাকার নিশ্চয়তা দেয়। ১৭ বছরের রক্তঝরা আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে এই আন্দোলনে। এতে ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী শহিদ হয়েছেন। এখন জুলাইয়ের শক্তির মধ্যে বিভাজন চলতে থাকলে শেখ হাসিনা প্যারাসুট নিয়ে দেশে নামার চেষ্টা করবেন।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার পথ অনুসরণ করলে তো সেই অন্ধকারেই থেকে গেলাম। এমন বিভেদ-বিভাজন চলতে থাকলে তো শেখ হাসিনা তালি বাজাবেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা রাজনীতি ও নাগরিক অধিকার বন্ধ করতে রাষ্ট্রযন্ত্রকে নোংরাভাবে ব্যবহার করেছিলেন। আজ যারা নতুন করে রাজনীতিতে আসছেন, তাঁদের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়ন ঘটাতে হবে। সমাজে পুনরায় ঘৃণা ও বিভেদ ছড়ানো বন্ধ করতে হবে, অন্যথায় স্বৈরাচারের পতনকে অর্থহীন করে তোলা হবে।
জুলাই গণঅভ্যুত্থানে নার্সিং খাতের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে নার্সদের ভূমিকা ছিল অনন্য। তাঁরা রাজপথে আহত ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নার্সরা হলেন মানবতার প্রথম সারির সৈনিক। তাই স্বাস্থ্য খাতের এ গুরুত্বপূর্ণ অংশটিকে অবহেলায় রেখে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়।”
বিগত স্বৈরাচারী সরকার স্বাস্থ্য খাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, বর্তমান সরকার এই খাতটি সংস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা উল্লেখ করেন, বিএনপির পক্ষ থেকে শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘বাংলা ব্লকেড’-এর মতো কর্মসূচিগুলোতে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছিল। এই আন্দোলনে রিকশাচালক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের যে জাগরণ তৈরি হয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে বিরল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খানসহ নার্সিং অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।

























