আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের ও পরশের ফোনালাপ দাখিল
স্বাধীন কন্ঠ ডেস্ক
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অডিও ফোনালাপ প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন।
মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামিদের বিরুদ্ধে পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে এই ফোনালাপটির অডিও রেকর্ডিং ও তথ্য জমা দেওয়া হয়। ফোনালাপটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশের মধ্যে সংগঠিত হয়েছিল।
উদ্ধারকৃত ফোনালাপে দেখা যায়, দেশের সংকটময় মুহূর্তে নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখা এবং রাজপথে শারীরিক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে তাদের মধ্যে কথোপকথন হয়। ফোনালাপে ওবায়দুল কাদের যুবলীগ সভাপতিকে কর্মসূচিতে সর্বোচ্চ লোকসমাগম করার নির্দেশ দেন। জবাবে পরশও বিষয়টি নিশ্চিত করে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার কথা জানান।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ওবায়দুল কাদের ও শেখ ফজলে শামস পরশ ছাড়াও অভিযুক্ত অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় জানানো হয়, আন্দোলন দমনে রাজনৈতিক নির্দেশনার অংশ হিসেবেই এসব ফোনালাপ ও কর্মসূচি পরিচালনা করা হয়েছিল, যা মানবতাবিরোধী অপরাধের প্রামাণিক উপাদান হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে।



























