যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিজিবির কাশিপুর বিওপির সন্নিকটে অবস্থিত বীরশ্রেষ্ঠের সমাধি স্থলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় দিনব্যাপী স্মারকমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতেই বেলা ১০টায় বীরশ্রেষ্ঠের সমাধিতে বিজিবির চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন জানানো হয়। পরবর্তীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন। এছাড়া বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
এ প্রসঙ্গে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতেই প্রতিবছরের ন্যায় এবছরও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।























