যশোরে ২০০ জন শিক্ষার্থীকে শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক
যশোর শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নির্বাচিত মোট ২০০ জন শিক্ষার্থীর হাতে এ বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেওয়ান হোসেন খান খোকন।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল গফুর একাডেমির অধ্যক্ষ জিল্লুল বারী। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, সম্মানিত শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা ট্রাস্টের বৃত্তির জন্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েকশ আবেদন জমা পড়েছিল। পরবর্তীতে নিরপেক্ষ যাচাই-বাছাই কমিটি গঠনের মাধ্যমে চূড়ান্তভাবে ২০০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, আর্থিক সংকট যেন কোনো অবস্থাতেই কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ ও শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা ট্রাস্টের এ ধরনের মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ সহায়তার পরিধি আরও বিস্তার করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।























