মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রী সর্মির মুক্তি চাইলেন ছাত্রদল আহ্বায়ক
স্বাধীন কন্ঠ ডেস্ক
আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা সর্মির (৪৪) দুই প্রতিবন্ধী সন্তানের কথা বিবেচনা করে তাঁর মুক্তি দাবি করেছেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম।
সোমবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মানবিক মুক্তির দাবি জানান।
ফেসবুক পোস্টে ছাত্রদল নেতা ফাহিম লেখেন, মানবিক দিক বিবেচনা করে তাঁর মুক্তি চাই। উনি ফ্যাসিষ্ট, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। তবে যেহেতু তাঁর দুই সন্তান প্রতিবন্ধী এবং তাঁকেই সন্তানদের দেখভাল করতে হয়, সেহেতু মানবিক দিক বিবেচনা করে নাশকতায় যেন আর সম্পৃক্ত না হয় সেই নজরদারিতে রেখে তাঁকে মুক্তি দিন।
উল্লেখ্য, গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর শেখ সাহেব বাজার এলাকা থেকে লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।



























