যশোর সীমান্তে ইয়াবাসহ ১২ লাখ টাকার পণ্য জব্দ, আটক ১
নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রবিউল আলম (২৫) নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করে।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩ বোতল বিদেশি মদ, ১ হাজার ৯৭০ পিস ভারতীয় ইয়াবা, ২টি মোবাইল ফোন, নগদ ৩৯০ টাকা, ১৮টি শাড়ি, ১১টি কম্বল, আধা কেজি জিরা, দেড় কেজি কিসমিস, ১২০টি চকলেট, ১৪০ প্যাকেট পাতার বিড়ি এবং ১ হাজার ৪৩৯টি কসমেটিকস সামগ্রী।
আটক রবিউল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী গ্রামের জাফর আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















