দৌলতপুরে কথিত পীরের আস্তানা পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা! থানায় মামলা, গ্রেফতার-৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরে কথিত তছের পীরের দরবার শরীফ বিক্ষুদ্ধ এলাকাবাসী আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এসময় সেখানে ভাংচুর করে আস্তানাটি গুড়িয়ে দেয়া হয়েছে।

কথিত তছের পীরের দরবার শরীফ

ঐ দরবার শরীরের ভক্তদের ছোড়া ইট পাটকেলে ২জন আহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত উপজেলার হোগলবাড়িয়া ইউপির কল্যাণপুর চরদিয়াড় কথিত ওই তছের পীরের দরবার শরীফে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় আস্তানার খাদেম বাদি হয়ে শতাধিক এলাকাবাসীর নামে মামলা করেছে।

পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করেছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার বিকালে কথিত তছের পীরের দরবার শরীফের বহিরাগত অনুসারীরা স্থানীয় এক তরুনীকে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করলে দরবার শরীফের বখাটে যুবকরা ওই তরুনীর পিতাকে মারধর করে এবং এলাকাবাসীর উদ্দেশ্য অশ্লীল ভাষায় গালাগালি করে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কল্যাণপুর, চরদিয়াড়, সোনাইকুন্ডি ও গাছেরদিয়াড় গ্রামের ৪/৫ শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে কথিত ওই তছের পীরের দরবার শরীফে হামলা চালায়।

এসময় তারা দরবার শরীফ ভাংচুর ও অগ্নিসংযোগ করলে দরবার শরীফের ভেতরে থাকা বহিরাগত অনুসারীরা দরবার শরীফের ভেতর থেকে গ্রামবাসীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় সামিউল (৫২) ও কিরন (২৬) নামে দুই গ্রামবাসী আহত হয়।

তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং জাকির নামে একজনকে আটক করে। দরবার শরীফে আগুনের খবর পেয়ে পাশ্বর্র্বতী ভেড়ামারা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।

বিক্ষুদ্ধ গ্রামবাসীরা কথিত তছের পীরের দরবার শরীফ ঘেরাও করে রাখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জাব্বার, দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান বিক্ষুদ্ধ গ্রামবাসীদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিলে এলাকাবাসী ঐ স্থান ত্যাগ করেন।

শনিবার দুপুরে আস্তানার খাদেম হিসাবে পরিচিত ভেড়ামারা উপজেলার পরানখালী গ্রামের মৃত আরজেত লস্করের ছেলে আনিসুর রহমান সুইট বাদি হয়ে ২২ জন এজাহার নামীয় সহ অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে আসামী করে দৌলতপুর থানায় মামলা করেছে। মামলা নং-১৫, তারিখ-০৮/০১/২০২২।

পুলিশ এজাহার নামীয় ৪ আসামী জাকির, রেজু, রাজা ও শাহীনকে গ্রেফতার করেছে।

উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জাবীদ হাসান জানান, আস্তানায় অগ্নি সংযোগ ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে ৪ আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।উল্লেখ্য গত ৬ জুন ২০২১ তারিখে এক ভক্তকে পিটিয়ে হত্যা করার ঘটনার মামলায় কথিত পীর তছের পলাতক আছে।