আন্তর্জাতিক সংবাদ:- তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমানবাহিনীর ৩৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রবিবার আকাশ সীমায় চীনের ৩৪টি যুদ্ধবিমান, ৪টি উড়োজাহাজ ও একটি বোমারু বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরে এটাই চীনের সবচেয়ে বড় অনুপ্রবেশ। সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
দেশটির অভিযোগ, গত একবছর ধরে ক্রমাগত আকাশসীমা লঙ্ঘন করছে চীনা বিমানবাহিনী। তবে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি চীন।এর আগে চীন জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই মহড়া চালানো হচ্ছে। তাইওয়ান পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে তারা।
এদিকে, ফিলিপাইন সাগরে জাপান এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ সামরিক মহড়ার একদিন পরেই চীনা বিমান বাহিনীর এমন অনুপ্রবেশ নতুন করে উত্তেজনা তৈরি করেছে ওই অঞ্চলে। তবে, যুক্তরাষ্ট্র ও জাপানের ওই সামরিক মহড়া মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা রক্ষায় পরিচালিত একটি ট্রেইনিংয়ের অংশ বলে দাবি করেছে দুই দেশ।






