আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ইউক্রেনের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আন্তর্জাতিক সংবাদ // নেদারল্যান্ডস হেগে আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে (আইসিজে) গণহত্যার অভিযোগ দায়ের করেছে ইউক্রেন।

এক টুইটার বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি এমন তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।টুইট বার্তায় ভ্লদিমির জেলেনস্কি জানান, তার দেশ রাশিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) অভিযোগ দায়ের করেছে। এসময় আইসিজে’র বিচারক প্যানেলকে মস্কোর আগ্রাসন বন্ধের আদেশ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তায় জেলেনস্কি দাবি করেন, গণহত্যার জন্য অবশ্যই রাশিয়াকে বিচারের আওতায় আনতে হবে। তার দেশে দ্রুত রুশ আগ্রাসন বন্ধ করে আগামী সপ্তাহেই রাশিয়ার বিচার শুরুর দাবিও করেন তিনি।আইসিজে মূলত জাতিসংঘের শীর্ষ আদালত। কোনো রাষ্ট্র নির্দিষ্ট কোনো ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয় আইসিজে। তবে, নির্দিষ্ট কোন রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার এখতিয়ার আইসিজের নেই।ইউক্রেনে চতুর্থ দিনের মতো আগ্রাসন চালাচ্ছে রাশিয়ান সেনারা।

এরইমধ্যে খারকিভ, ওডেসা, কিয়েভের মত বড় শহরে ঢুকে পড়েছে রুশ সেনারা। যদিও তারা এটাকে ইউক্রেনের রুশ ভাষাভাষী লোকদের ওপর নিপীড়ন বন্ধ করার অভিযান হিসেবে বলে আসছে। এদিকে, সামরিক অভিযান শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে রাশিয়ার সমালোচনা চলছে। জাতিসংঘ বলছে, ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত ৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।