২৬ মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে ট্রেন চালুর প্রস্তাব ভারতের

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- আগামী ২৬শে মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে ভারত। ইতিবাচকভাবেই এ প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, ভারতের রেলওয়ের পক্ষ থেকে এ প্রস্তাবের বিষয়ে আগামি রবিবার আলোচনায় বসে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চিঠি পাঠানোর পর ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে এই প্রস্তাব এসেছে বলে তিনি জানান।এদিকে রেলওয়ে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানান, ভারতের পক্ষ থেকে এমন প্রস্তাব আসার পর ২৬শে মার্চ থেকে মৈত্রী এক্সপ্রেস চালুর প্রস্তুতি শুরু হয়েছে।

করোনার কারণে ২০২০ সালের মার্চ থেকে স্থগিত ছিল দুদেশের ট্রেন চলাচল। পরে পণ্যপরিবহন চালু হলেও যাত্রী পরিবহন বন্ধই থাকে। করোনার প্রভাব কমতে শুরু করলে পর্যায়ক্রমে সড়ক ও আকাশপথে যাত্রী পরিবহন শুরু হয়।

তবে এখনও দু’দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি ট্রেন চলাচল করে।

ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকতা রুটে বন্ধন এক্সপ্রেস ও ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস।

ট্রেন এখনও বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়েছেন তিন রুটের হাজার হাজার যাত্রী।