বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী বঙ্গবন্ধুর সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করলেন জয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:– প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় তার নানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছোটবেলায় কাটান সময় স্মৃতিচারণ করেছেন।

বৃহস্পতিবার (১৭ই মার্চ) সজিব ওয়াজেদ জয় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।সজিব ওয়াজেদ জয় ফেসবুক স্ট্যাটাসে লেখেন, আমার নানা বঙ্গবন্ধুর সঙ্গে খুব বেশি স্মৃতি আমার মনে নেই। তবে একটা মজার ঘটনা এখনও আমার মনে পড়ে।

একদিন আমি অনেক জিদ ধরলাম নানার কাছে, তার পাইপে আমি একবার হলেও ফুঁ দিতে চাই। আমার নাছোড়বান্দা মনোভাব দেখে নানাও এক সময় বাধ্য হলেন। এরপর যা ঘটলো তার জন্য আমি আসলে ঐ ছোট বয়সে প্রস্তুত ছিলাম না।

ফুঁ দেওয়ার সাথে সাথেই অনবরত কাঁশি দিতেই থাকলাম, যেন নিশ্বাস নিতে গেলেই কাঁশি চলে আসছে। আর সেই অবস্থা দেখে নানী প্রচন্ড রেগে গেলেন দুইজনের উপর। তিনি আরও রেগে গেলেন অন্যদিকে নানার সেই চিরাচরিত মুখভরা হাসি দেখে, সে হাসি যেন তার থামছেই না।

জয় লেখেন, পরিবারের সবাইকে নিয়ে আমাদের হাসিখুশি দিনগুলো খুব নির্মমভাবে শেষ হয়ে যায় ১৯৭৫ সালের ১৫ই আগস্টে। তারপর থেকেই আপনারা সবাই জানেন, আমাদের পরিবারের বেঁচে যাওয়া অল্প কয়েকজন সদস্য বিশেষ করে আমার মা, বাবা আর খালা জীবনের সঙ্গে যুদ্ধ করেছেন দীর্ঘ সময়।

এরপর বাংলাদেশের মানুষের ভালবাসায় আমার নানা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সেই সংগ্রাম পরিচালনার দায়িত্বভার চলে আসে আমার মায়ের কাঁধে। পরিবারের সবাই আমাদের জায়গা থেকে আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহায্য করে যাচ্ছি সেই স্বপ্ন বাস্তবায়নে।

সজিব ওয়াজেদ জয় আরও লেখেন, বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে বাংলাদেশের জন্য, মানুষের জন্য তার ভাবনাগুলোর কথাই বার বার মনে পড়ছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করবোই।

শুভ জন্মদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির হৃদয়ে আপনি বেঁচে থাকবেন চিরকাল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।