আন্তর্জাতিক সংবাদ// ভিসা জটিলতা কাটিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ পুলিশপ্রধান লুইস কারিলহোর সাথে সেরেছেন দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় তাদের। পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইজিপির সাথে বৈঠক শেষে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশকে অন্যতম প্রধান পুলিশ সদস্য প্রেরণকারী দেশ বলে উল্লেখ করেন জাতিসংঘ পুলিশপ্রধান।
এছাড়াও শান্তি রক্ষায় বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে কারিলহো বলেন, ‘বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রমে নারী পুলিশ সদস্য মোতায়েন করে আসছে, যা নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী দিনেও বাংলাদেশের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করে জাতিসংঘ।
বৈঠকে জাতিসংঘের যেকোনো প্রয়োজনে সাড়া দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ বলে, কারিলহোকে আশ্বস্ত করেন আইজিপি।
এছাড়াও জাতিসংঘ সদর দপ্তর এবং শান্তিরক্ষা কার্যক্রমের মাঠ পর্যায়ে উচ্চ পদে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের নিয়োগের অনুরোধ জানিয়ে বেনজীর বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের যেকোনো প্রয়োজনে সাড়া দিতে বাংলাদেশ পুলিশ সদা প্রস্তুত।






