আবারও আগুন সন্ত্রাস করলে হাত ভেঙে দেয়া হবে: নানক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি নাশকতার পরিকল্পনা করছে। ২০১৪ সালের মতো আবারও দেশে বোমাবাজি ও আগুন সন্ত্রাস করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন আহমেদ এর ৩৯-তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া দণ্ডিত আসামি। দণ্ডিত আসামি কোনোদিন এই দেশে নেতৃত্ব দিতে পারবে না। তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করছে। বিদেশে বসে বাংলাদেশকে ধ্বংসের জন্য উপদেশ এবং নির্দেশ দিচ্ছে। জনগণ আপনাদের সাথে কখনও ছিলো না, ভবিষ্যতেও থাকবে না। দিন-তারিখ দিয়ে লাভ নেই, সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি নেতারা বলে পদত্যাগ করতে হবে। কিসের পদত্যাগ? কার জন্য পদত্যাগ? কি হইছে দেশের যে, পদত্যাগ করতে হবে? শুক্র, কতো ঈদ, কতো পূজা, কতো দিনক্ষণ দিলেন, সবশেষ বললেন ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়া এবং তারেক জিয়ার কথামতো দেশ চলবে। কিন্তু দেশ তো শেখ হাসিনার নেতৃত্বেই চলেছে।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য প্রদান করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর-৪ আসনের এমপি সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি প্রমুখ।