নির্বাচন সুষ্ঠু করতে এরশাদের আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে: চুন্নু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া ঢাকা:- বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন সুষ্ঠু করতে হুসেইন মুহম্মদ এরশাদের আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।এ সময় জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয়। গত ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই কথা আছে।

এমন কি তত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে যারা জিতেছে, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। অন্যদিকে যারা ক্ষমতায় যেতে পারেনি, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।জাতীয় পার্টি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছে উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মানুষের মনে প্রশ্ন আছে, ভোট কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কিনা। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শংকা ও সংশয় আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। জাতীয় পার্টি কোনো জোট বা মহাজোট করবে না, তিনশ’ আসনেই নির্বাচন অংশগ্রহণ করবে।এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিভিন্ন মহল স্বার্থ সিদ্ধির জন্য ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে।মঙ্গলবার জাতীয় পার্টির ৬২২টি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।

এ নিয়ে দুই দিনে ১১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি হলো। এ দুই দিনে উল্লেখযোগ্যদের মধ্যে মনোয়নয়ন ফরম গ্রহণ করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি।