জেলে থাকা বিএনপির ১১ হাজার নেতাকর্মীর মধ্যে ২ হাজার জন আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) জামিনে মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, জেলে দলটির ২১ হাজার নেতাকর্মী রয়েছে, এই তথ্য ভুয়া।
বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিজয় র্যালিতে তিনি এসব কথা বলেন। এই র্যালি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজ বিকেলে শুরু হয়।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির দাবি, তাদের ২১ হাজার নেতাকর্মী জেলে আছে। আমি খোঁজ নিয়েছি, তাদের চ্যালেঞ্জ করছি, দলটির ১১ হাজার নেতাকর্মী এখন জেলে আছে। তাদের মধ্যে ২ হাজার আজ জামিনে মুক্তি পাচ্ছে। এরপর জেলে থাকবে আর ৯ হাজার নেতাকর্মী। ২১ হাজার সংখ্যাটি ভুয়া।
যারা নির্বাচনে বাধা দেবে, নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, তাদের পরাজিত করে আওয়ামী লীগ জয়ী হবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ২৭টি দলের ১ হাজার ৮৯৬ জন। তারপরও নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলে, তারা ভুয়া।






