গভীর রাতে পুতিনের অপেক্ষায় বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে কিম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

অনলাইন ডেস্ক:- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ বছর পর উত্তর কোরিয়ার সফরে গিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি পিয়ংইয়ংয়ে পৌঁছান।

বিমানবন্দরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পুতিনকে স্বাগত জানান। পুতিনের অপেক্ষায় এত রাতেও তিনি পিয়ংইয়ং বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে ছিলেন।

ছবিতে দেখা যায়, কিম একা লালগালিচায় বিমানবন্দরের টারমাকে দাঁড়িয়ে আছেন। উড়োজাহাজ থেকে নামতেই পুতিনের সঙ্গে কিম উষ্ণ আলিঙ্গন করেন। পরে দুই নেতা একই লিমোজিনে বিমানবন্দর ত্যাগ করেন। পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন ২০০০ সালের জুলাইয়ে।

গতকাল পূর্ব সাইবেরিয়ার শহর ইয়াকুতস্ক থেকে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন পুতিন। অন্তত একটি যুদ্ধবিমান তাকে উত্তর কোরিয়ায় পৌঁছে দেয়।গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন রাশিয়ার দূরপ্রাচ্য সফরে গিয়েছিলেন এবং তিনি তখন পুতিনকে পিয়ংইয়ং ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণ স্বাগত জানিয়ে পুতিন এখন দুই দিনের জন্যে উত্তর কোরিয়াতে গেলেন।

পুতিনের সঙ্গে এই সফরে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি হবে এটা জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি–বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেন, এই চুক্তি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা কিছু হয়েছে, সেগুলো বিবেচনায় রেখেই এই চুক্তি স্বাক্ষরিত হবে।

তবে এ চুক্তি সরাসরি কোনো দেশকে লক্ষ্য করে তৈরি করা হয়নি।এদিকে পুতিনের উত্তর কোরিয়ার সফরকে ইতিবাচকভাবে দেখছে না দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র।উত্তর কোরিয়া সফর শেষে পুতিন বৃহস্পতি ও শুক্রবার (২০ ও ২১ জুন) ভিয়েতনামে ভ্রমণ করবেন। সূত্র : বিবিসি