স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নাসিমুল গনি চুক্তিভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তাঁকে চুক্তিভিত্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হলো।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর গত শনিবার তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন জারি হয়। আব্দুর রশীদ জানিয়েছিলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। তাঁর বিদায়ের পর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছিল। এখন নাসিমুল গনিকে এই পদে স্থায়ী নিয়োগ দেওয়া হলো।
নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি তাঁর ব্যাচের মেধা তালিকায় ষষ্ঠ ছিলেন। ১৯৮৩ সালে রাঙ্গামাটিতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা দীর্ঘ ক্যারিয়ারে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের ইউএনও, জামালপুরের ডিসি, বিটিভির মহাপরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ভূমিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্পিকার এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও কাজ করেছেন।
বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন এই কর্মকর্তা ২০১৩ সালে অবসরে যান। তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার তাঁকে পুনরায় প্রশাসনে ফিরিয়ে আনে। ওই বছরের ১৮ আগস্ট তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে সিনিয়র সচিব হিসেবে যোগ দেন এবং পরে ২৩ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন।
