স্বাধীন কন্ঠ ডেস্ক
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোরে পরিবহন খাতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সকালে সদর উপজেলার নিউ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে যাত্রীসেবায় নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অভিযোগে দুইটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে সোহাগ পরিবহন-এর নিউ মার্কেট কাউন্টারের ম্যানেজার অভিনব ঘোষকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৯ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সৌদিয়া পরিবহণ-এর ম্যানেজার মো. রাসেলকেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ যশোর সার্কেলের মোটরযান পরিদর্শক মো. তারিক হাসান, ক্যাব সদস্যবৃন্দ এবং র্যাবের একটি আভিযানিক দল।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, যাত্রীদের স্বার্থ রক্ষায় এবং ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
