আগামীকাল শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন
স্বাধীন কন্ঠ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা বাজেট অধিবেশন আগামীকাল রবিবার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে অধিবেশন আহ্বানের বিষয়টি জানানো হয়েছিল।
সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন অনুষ্ঠিত হবে।
নতুন সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন। এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা এবং পাসের কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার (৬ জুন) থেকে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।


























