আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
স্বাধীন কন্ঠ ডেস্ক
‘সাহস, দক্ষতা, কৌশল ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতায় বাহিনীটিকে আরও কর্মদক্ষ ও আধুনিক করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত রাখবে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসএসএফের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স একটি বিশেষায়িত নিরাপত্তা বাহিনী। প্রতিষ্ঠাকালের তুলনায় বর্তমান সময়ে নিরাপত্তা পরিস্থিতি ও চ্যালেঞ্জে ব্যাপক পরিবর্তন এসেছে। আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত রাখতে হবে।
এসএসএফের নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধনী মহড়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং সদস্যদের দক্ষতা উন্নয়নে ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, সরকারপ্রধান হিসেবে তিনি প্রতিনিয়ত এসএসএফের কার্যক্রম প্রত্যক্ষ করছেন। তবে বাহিনীটির সঙ্গে তার পরিচয় নতুন নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর দায়িত্ব পালনকাল থেকেই তিনি এসএসএফের কার্যক্রম সম্পর্কে অবগত।
তিনি বলেন, জাতীয় নির্বাচনের পর রাষ্ট্রীয় বিধান অনুযায়ী সরকারপ্রধান হিসেবে তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে এসএসএফ। জনগণের দুর্ভোগ কমানো এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তিনি তার গাড়িবহরের আকার সীমিত করেছেন। ফলে সদস্যসংখ্যা বৃদ্ধির পরিবর্তে এসএসএফকে দক্ষতা, সমন্বয় ও নিরাপত্তা কৌশলের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা বাহিনীর প্রধান দায়িত্ব। তবে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি, দুর্ভোগ বা দুর্ব্যবহারের শিকার না হন, সে বিষয়েও সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
তিনি দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সালাহ উদ্দিন আহমদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং এসএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























