সব ইস্যুই আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
স্বাধীন কন্ঠ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ আগস্ট) সকালে অনুষ্ঠিত এই বৈঠককে অত্যন্ত ইতিবাচক এবং ফলপ্রসূ বলে অভিহিত করেছেন ভারতীয় হাইকমিশনার।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী বলেন, খুবই ভালো আলোচনা হয়েছে। আমার কাছে সবই ইতিবাচক মনে হয়েছে। কূটনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এটি ছিল দুই দেশের মানুষের আত্মিক যোগাযোগের প্রতিনিধিত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতার প্রশংসা করে তিনি বলেন, প্রথম সাক্ষাৎ হলেও বিষয়টি মোটেও তেমন মনে হয়নি।
দ্বিপক্ষীয় সম্পর্কের তাৎপর্য তুলে ধরে ভারতীয় হাইকমিশনার জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারত সরকার বাংলাদেশকে অত্যন্ত ইতিবাচক দৃষ্টিতে দেখছে এবং দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকের জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছে।
তিনি বলেন, গণতন্ত্রে নানাবিধ ইস্যু বা মতপার্থক্য থাকবেই। বাংলাদেশের নিজস্ব ইস্যু থাকতে পারে, ভারতেরও থাকতে পারে। কিন্তু উভয় দেশের মানুষের চাওয়া একটাই একটি সুন্দর ও প্রীতিপূর্ণ সম্পর্ক, যা দুদেশের জন্যই সমান লাভজনক (উইন-উইন সিচুয়েশন)। ভৌগোলিক ও ঐতিহাসিক সংযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মন্তব্য করেন, আমরা শুধু সীমানা ভাগ করি না, আমরা নিজেদের স্বপ্নকেও ভাগ করে নিই। আমরা আমাদের প্রতিবেশী বদলাতে পারব না।
দুই দেশের বিদ্যমান যেকোনো সমস্যা আলোচনার টেবিলেই সমাধানযোগ্য বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন দীনেশ ত্রিবেদী। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রীও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর ও ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাইকমিশনার অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, সবই ভালো হবে, ইতিবাচক সব পদক্ষেপই নেওয়া হবে।


























