১৬ দেশের ৫৮ প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা রিমার্ক-হারল্যান
স্বাধীন কন্ঠ ডেস্ক
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনীতে ১৬টি দেশের ৫৮টি প্রতিষ্ঠানকে পেছনে ফেলে সেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে ‘রিমার্ক-হারল্যান’।
প্রদর্শনীর শেষ দিন শনিবার রিমার্ক প্যাভিলিয়নে আয়োজক সংস্থা ‘স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফয়সাল মুনিম আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা স্মারক তুলে দেন। রিমার্কের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান ও হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সার্বিক দিক বিবেচনায় রিমার্ককে দেশসেরা কসমেটিকস উৎপাদক কোম্পানি, পেশাদার উপস্থাপন ও সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি দেওয়া হয়।
পুরস্কার প্রদানকালে ফয়সাল মুনিম বলেন, কসমেটিকস শিল্পে রিমার্কের অবদান ঈর্ষণীয়। আধুনিক উৎপাদন সক্ষমতা, ব্যতিক্রমী স্টল ডিজাইন ও পেশাদার উপস্থাপন আমাদের মুগ্ধ করেছে। এই প্রদর্শনীতে দর্শনার্থী ও ব্যবসায়ীদের ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতেই রিমার্ককে সেরা নির্বাচন করা হয়েছে।
এ অর্জনকে বড় সাফল্য উল্লেখ করে রিমার্কের পরিচালক (ফার্মা) সুকান্ত দাশ বলেন, এই স্বীকৃতি শুধু রিমার্কের নয়, পুরো দেশের কসমেটিকস উৎপাদন সক্ষমতার। নকল ও ভেজালের ভিড়ে ভোক্তাদের কাছে আসল (অথেনটিক) পণ্য পৌঁছে দিতে রিমার্ক প্রতিশ্রুতিবদ্ধ। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।
রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান ও হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব ব্যক্ত করেন যে, বিশ্বমানের প্রযুক্তি নিয়ে দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছেন তারা। রিমার্কের এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে ‘অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আশা প্রকাশ করেন, রিমার্কের হাত ধরে বাংলাদেশ কসমেটিকস খাতে আমদানিনির্ভরতা কাটিয়ে রপ্তানিকারক দেশে পরিণত হবে।
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে রিমার্কের প্যাভিলিয়ন কেন্দ্র করে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, সাবিলা নূর, নাজিফা তুষি, শার্লিন ফারজানা ও সংগীতাঙ্গন-শোবিজের বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা প্যাভিলিয়ন পরিদর্শন করেন। তাঁরা রিমার্কের পণ্যের গুণগত মানের প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে আসল পণ্য ব্যবহারের আহ্বান জানান। দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ‘স্পিন অ্যান্ড উইন’ গেম।
প্রদর্শনীতে রিমার্ক শুধু তাদের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যই নয়, বরং বিশ্বমানের প্যাকেজিং, প্রিন্টিং ও ইনগ্রেডিয়েন্টস প্রযুক্তি তুলে ধরে।
রিমার্কের হেড অব প্যাকেজিং মো. আলী রেজা জানান, মেলায় দেশি-বিদেশি বায়ার, উদ্যোক্তা ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধির কাছ থেকে প্রিন্টিং, প্যাকেজিং ও করপোরেট সেলসে উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্যিক অর্ডার পাওয়া গেছে। এটি নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
উল্লেখ্য, মাননিয়ন্ত্রণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদিত রিমার্কের পণ্য বর্তমানে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আইএসও, সিজিএমপি, বিএসটিআই হালাল সার্টিফিকেট এবং গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে।


























