জাতীয় পার্টির নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু।
মেহেদী হাসান// জাতীয় পার্টির নতুন মহাসচিব হয়েছেন দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। চুন্নুকে শনিবার মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।
পদ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু বলেন, আমার সঙ্গে দলের চেয়ারম্যানের (জিএম কাদের) কথা হয়েছে। দলের নতুন মহাসচিব হিসাবে আমাকে তিনি দায়িত্ব দিয়েছেন।
চুন্নু আরও বলেন, এখন আমার দায়িত্ব হলো আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা মধ্যপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৪ সালের ১ সেপ্টেম্বর মুজিবুল হক চুন্নু জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সী আব্দুল মালেক ও মা হারুননেসা।
১৯৭০ সালে এসএসসি এবং ১৯৭২ সালে এইচএসসি কৃতিত্বের সঙ্গে পাশের পর চুন্নু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ১৯৭৯-৮০ সালে অনার্স ও ১৯৮০-৮১ সালে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
ছাত্রজীবনেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৮০-৮১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হলের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৮৮-৯০ সাল পর্যন্ত তিনি রেড ক্রিসেন্ট কিশোরগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
মুজিবুল হক চুন্নু ছাত্রাবস্থায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে তিনি সক্রিয়ভাবে যুদ্ধ করেন। ১৯৭৮-৮০ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করেন।
১৯৮০-৮৬ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদকমণ্ডলীর সদস্য হিসাবে তিনি দায়িত্ব পালন করেন।
সহকারী জজ (বিসিএস জুডিশিয়াল) হিসাবে চাকরিজীবন শুরু করেন মুজিবুল হক চুন্নু। সমাজের সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য তিনি ১৯৮৬ সালে চাকরি ছেড়ে রাজনীতি শুরু করেন এবং পরবর্তী সময়ে আইন পেশায় যোগ দেন।
১৯৮৬ সালে তিনি কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি নির্বাচিত হন। একই বছর তিনি সংসদ সদস্য পদে নির্বাচিত হন। ১৯৮৮ সালে তিনি পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সাল ও ২০১৩ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে তিনি জয় পান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর জাতীয় পার্টির মহাসচিবের পদ শূন্য হয়।


























