ওসামম কক্সবাজার জেলা প্রতিনিধি// টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের পূর্ব পাশে মাছ ধরার সময় ৪টি ট্রলারসহ বাংলাদেশের ২২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী।
শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশের সেন্ট মার্টিন সংলগ্ন জলসীমায় প্রবেশ করে মিয়ানমার নৌবাহিনী এসব জেলেকে ধরে নিয়ে যায়।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ সংবাদমাধ্যমে বলেন, সেন্ট মার্টিন দ্বীপের মাঝিমাল্লারা প্রতিদিনের মতো শনিবার সকালে সাগরে মাছ ধরতে গেলে মিয়ানমার নৌবাহিনী তাদের ধরে নিয়ে যায়।
তিনি জানান, ‘মিয়ানমারের নৌবাহিনী ট্রলারগুলো নিয়ে যাওয়ার পর ট্রলারে অবস্থান করা জেলেদের সঙ্গে মোবাইলে আলাপ হয়েছে। জেলেরা জানিয়েছে, তাদেরকে নৌবাহিনীর জাহাজে ওঠানো হয়েছে এবং ট্রলারগুলো নৌবাহিনীর জাহাজের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর জেলেদের সঙ্গে আর মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে ‘।এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে জানান, বিষয়টি তিনি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে জেনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি ও কোস্টগার্ডকে বলা হয়েছে।






