বাংলাদেশ নিয়ে অপপ্রচার ঢাকায় কূটনীতিকদের কাছে সব পরিষ্কার করবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:-বিএনপির লবিস্ট নিয়োগসহ র‌্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়গুলো পরিষ্কার করতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।রবিবার বিকেলে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ’ সমাপনী অনুষ্ঠানের যোগ দিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যক্তি বিশেষ বিভিন্ন সংস্থার কাছে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চালাচ্ছেন তাতে কারও সাথে বৈরী সম্পর্ক তৈরি হবে না। সরকার সব সংস্থার সাথে আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক সমাধান করবে।

এরই মধ্যে সংস্থাগুলো ও দেশে নিযুক্ত কূটনৈতিকদের চিঠি দেয়া হয়েছে জানিয়ে ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, আমরা বিভিন্ন সংস্থাকে চিঠি পাঠাচ্ছি।

সংস্থাগুলোর সঙ্গে যে ধরনের সম্পর্ক রয়েছে তা বিবেচনা করে আমার বিশ্বাস সমস্ত সংস্থা ব্যক্তি বিশেষের প্ররোচনা আমলে নেবে না এবং প্রভাবিত হবে না।

উল্লেখ্য, গেল ১০ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র দপ্তর আইজিপি বেনজীর আহমেদসহ র‌্যাবের বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।এর আগে, উশু চ্যাম্পিয়নশিপে বিজয়ী দলগুলোর মধ্যে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী।