পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলার মেয়েদের প্রথম জয়

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিজানুর খেলাধুলা প্রতিবেদক:- নারী বিশ্বকাপে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপের সূচি প্রকাশের পর থেকেই বাংলাদেশের আসল সুযোগ হিসেবে ধরা হচ্ছিল ১৪ই মার্চের ম্যাচটিকে।

যেখানে প্রতিপক্ষ ছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় ম্যাচে এসে অধরা জয়ের দেখা পেল নিগার সুলতানার দল। হামিল্টনে পাকিস্তানের বিপক্ষে সেই সুযোগটি সত্যিই কাজে লাগালো টাইগ্রেসরা।

পাকিস্তানকে ৯ রানে হারিয়ে তুলে নিলো বিশ্বকাপে নিজেদের প্রথম জয়।হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল।

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে নিজেদের তৃতীয় ম্যাচেই প্রথম জয় পেয়ে গেলো বাংলাদেশ নারী দল। অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপে এ নিয়ে টানা ১৮ ম্যাচ হারল পাকিস্তান। সবশেষ ২০০৯ সালে বিশ্বকাপে জয়ের মুখ দেখেছিল তারা।ম্যাচের তখনও তিন ওভার বাকি।

টিভি পর্দায় দেখা গেল লাল-সবুজের পতাকা উড়ছে। নিউজিল্যান্ডে ওড়া ওই পতাকা যে বাংলাদেশের, সেটা বলার প্রয়োজন আছে বলে বোধ করি না। কেন উড়ছে?

বাংলাদেশের মেয়েরা প্রথম বিশ্বকাপ খেলছে তাসমান সাগর পাড়ে। কিন্তু এই খোঁজটা ক’জন রাখেন! না রাখলেও অবশ্য কিছু আসে যায় না নিগার সুলতানাদের। আড়ালে থাকা মেয়েরা এবার আলোয় বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতে। নিভৃতে দিন কাটে তাদের। ম্যাচ ফির জন্য আলোচনায় আসা হয় মাঝে মধ্যে অথবা এশিয়া কাপ জয়ের মতো সাফল্যে।

কিন্তু নিজেদের কাজটা যারা ঠিকঠাক করে যেতে পারেন, তাদের আলোচনায় না রেখে উপায়ই বা কী! এই জয় যেন ফিরিয়ে এনেছে ২৩ বছর আগের স্মৃতি। ছেলেদের বিশ্বকাপের প্রথম জয়টাও এসেছিল এই পাকিস্তানের বিপক্ষে।

আকরাম খানরা জিতেছিলেন বিশ্বকাপের তৃতীয় ম্যাচে, নিগার সুলতানাদের বেলায়ও তাই। মিল আছে আরও। দুটি ম্যাচই টস হেরেছিল বাংলাদেশ, ম্যাচগুলো হয়েছে সোমবার।