আজ বসছে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদন// চলতি একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন বসছে আজ সোমবার বিকেল ৫টায়।

জাতীয় সংসদ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।গত ৯ই মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। চলতি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন এটি।

এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এরপর শুরু হবে বাজেট অধিবেশন। অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। অংশগ্রহণকারী সংসদ সদস্যদের (এমপি) করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন। নিয়ম অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হয়।গত ২৭শে জানুয়ারি জাতীয় সংসদের ১৬তম এবং বছরের প্রথম অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হয়।

করোনা শুরুর পর সংসদ অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ বন্ধ ছিল।আসন্ন অধিবেশন থেকে করোনা পরিস্থিতি বিবেচনায় সংসদে উপস্থিত হয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সুযোগ পেতে পারেন।অধিবেশনের প্রথম দিনেই চাকরির শর্তাবলি সম্পর্কিত গণমাধ্যমকর্মী বিল উঠছে।

সংসদে পাসের অপেক্ষায় থাকা বিলগুলো হল- মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিল ২০২১, বাংলাদেশ পেটেন্ট বিল ২০২১, সরকারি ঋণ বিল ২০২১, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১ ও বয়লার বিল ২০২১।