খুলনায় নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

খুলনা বিভাগীয় সংবাদদাতা:- খুলনায় মন্দিরা মজুমদার (২৮) নামের এক নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার সাত্তার বিশ্বাস সড়কের ইসলাম কমিশনারের গলি এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মন্দিরা মজুমদার ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। তিনি ২০২১ সালে খুলনার গাজী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এছাড়া তিনি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।

সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক সুকান্ত দাস জানান, নিজ ঘরে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মন্দিরা। এরপর তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে বলেন, তবে কী কারণে মন্দিরা আত্মহত্যা করেছেন, তা এখনও জানা যায়নি।

এদিকে অপর একটি সূত্র জানায়, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকের সঙ্গে মন্দিরা মজুমদারের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সেখানে তিনি প্রতারণার শিকার হন। এ নিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটতে পারে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তাই ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।