ফুটবল ট্রফি ভাঙা সেই ইউএনও’র বদলি

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ওসামম বান্দরবান জেলা প্রতিনিধি:- বান্দরবানের আলীকদমে ফুটবল খেলার ট্রফি ভাঙার ঘটনায় আলোচিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন

সোমবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যেমে তার বদলির বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগে ন্যস্ত করা হলো।

এর আগে, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আলীকদম উপজেলার রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল দল ফাইনালে উঠে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলাম।

খেলার সমাপনী বক্তব্যের শেষ পর্যায়ে হঠাৎ ক্ষিপ্ত হন তিনি। তখন উপস্থিত দর্শকদের সামনে পুরস্কারের ট্রফি দুটি ভেঙে ফেলেন তিনি। ট্রফি ভাঙার ভিডিও রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।  

এ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার বিকেলে আলীকদম উপজেলায় এবং সোমবার বিকালে বান্দরবান শহরে (ইউএনও) মেহেবুবা ইসলামকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয়রা।