লিমা খাতুন সিনিয়র স্টাফ রিপোর্টার:- মাহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ পরিচয়পত্র পেশ করেন তিনি। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন হাই কমিশনার প্রণয় ভার্মা। এ সময় তার দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতিতে উষ্ণ অভিনন্দন জানান।
হাই কমিশনার বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সম্প্রসারিত ও শক্তিশালী করার জন্য কাজ করতে তার প্রচেষ্টা থাকবে।’ ভারত-বাংলাদেশ সম্পর্কের পূর্ণ সম্ভাবনাকে অনুধাবন করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অভিমত প্রকাশ করেন তিনি।
রাষ্ট্রপতি হাই কমিশনারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতায় চলমান দৃঢ় উন্নয়ন আগামী সময়ে আরও জোরদার হবে।পরিচয়পত্র পেশ করার পর হাইকমিশনার ভার্মা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।







