দৌলতপুরে আপন দুই ভাই হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় পূর্ব শুত্রুতার জেরে আপন দুই ভাই মনিরুল (২৪) ও মাসুমকে (২০) অপহরণের পর গুলি করে হত্যার দায়ে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামি সুমন আলীকে (৩৯) গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার সুমন দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি বাজারপাড়া এলাকার আনারুল ইসলাম পাইলটের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রাম থেকে ২০১৭ সালের ৪ জানুয়ারি বিকাল ৫টার সময় মনিরুল ও তার ছোট ভাই মাসুমকে পূর্ব শত্রæতার জেরে অপহরণ করেন আসামিরা। ওই দিন রাতে মাথায় গুলি করে দু’জন কে হত্যা করে আসামিরা। পরের দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কোদালকাটি এলাকার মাঠের একটি হলুদ ক্ষেত থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এঘটনায় আসামিদের নামে দৌলতপুর থানার হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৪ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৪জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। ২০২২ সালের ১৯ অক্টোবর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম অপহরণের পর গুলি করে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন আদালত। সেই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্তরা হচ্ছে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি গ্রামের আসাদুল, সুমন, ছাবের ও জামিল এবং মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মিনাল। রায় ঘোষণার সময় আসাদুল ও মিনাল আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি জামিল, সুমন ও ছাবের পলাতক ছিলেন। পলাতক সুমনকে অভিযান চালিয়ে র‌্যাব গ্রেফতার করেছেন।

এ মামলার আসামি টোকন, জাহাঙ্গীর ও ইয়ারুল ক্রসফায়ারে নিহত হওয়ায় হত্যার দায় থেকে তাদের দু’জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে।